ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যার পর অনুষ্ঠিতব্য এ সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন: শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
সভা শেষে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ ঘোষণা করা হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনকে চাঁদ দেখার তথ্য দ্রুত জাতীয় কমিটিকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত নম্বরে তা জানানো যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
চাঁদ দেখার তথ্য জানানোর জন্য নির্ধারিত ফোন নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।





