পুলিশের রাতভর অভিযান

সিলেটে ইয়াবা সম্রাট সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪

Sadek Ali
সিলেট ব্যুরো
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফের এক কাউন্সিলরকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিংয়ে যুক্ত হলো চৌধুরী বাজার

আটক ব্যক্তিরা হলেন- সাবেক এমপি বদির দুই ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান, ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের একাধিক টিম গ্র্যান্ড প্যালেস হোটেল ও এর আশপাশ ঘিরে অভিযান শুরু করে। প্রায় ৫ ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোরে হোটেল থেকে ওই চারজনকে আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা

বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে আমরা চারজনকে আটক করেছি। তাদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই। একজন তার ছেলে এবং অন্যজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য আমাদের কাছে এসেছে। বিষয়টি নিয়ে আমরা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করেছি। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই আটক করা হয়েছে। আটক চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তবে পুলিশের প্রাথমিক ধারণা; তারা সিলেটের সীমান্ত দিয়ে বডার ক্রস করে ভারতে পালিয়ে যাওয়ার জন্য সিলেট নগরীতে অবস্থান করেছিলেন। 

উল্লেখ্য, এর আগে ইয়াবা সম্রাট বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দীনকে ২০২৪ সালের (২ সেপ্টেম্বর) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে র‌্যাবের একিটি দল। হজযাত্রীবেশে তিনি বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে দেশত্যাগের চেষ্টা করেন।