কিশোরগঞ্জে মাছের পোনা বিতরণ ও শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী
উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে
উন্নয়ন কাজে বাধা, রাজপথে বিশৃঙ্খলা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্তকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: যেকোনো সময় ঘোষণা হতে পারে নবম পে স্কেল: মুখ্য সচিব
প্রধানমন্ত্রী বলেন, যারা উন্নয়ন কাজে বাধা দেবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। আমরা দেখেছি, স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গেছে। যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, রাজনৈতিক অধিকার হরণ করতে চেয়েছিল এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের পথ বন্ধ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। জনগণ তাদের এই দেশ থেকে বিতাড়িত করেছে।
তিনি আরও বলেন, এখন সময় হচ্ছে কাজ করার, দেশকে সামনে এগিয়ে নেওয়ার। আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিতে না পারি, তাহলে দেশের মানুষকে কষ্ট করে থাকতে হবে। বিগত দিনে কীভাবে দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, তা আমরা দেখেছি। সেই পাচারকারীদেরও বাংলাদেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরি: সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার
তিনি আরও বলেন, এখন আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে। একসঙ্গে দেশ পুনর্গঠনের কাজ করতে হবে। কারণ, এ দেশের মালিক বাংলাদেশের জনগণ। দেশকে গড়ে তুলতে হলে জনগণকে সামনে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল। সেই জনগণকেই এখন সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, যারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। পরে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।





