বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি
১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা
আগামী ১৫ আগস্টকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ পিকেট ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মহানগরের প্রবেশপথগুলোতেও নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমের এলাকায় প্রস্তুত রাখা হয়েছে।
নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর এলাকাগুলো সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছেন।
আরও পড়ুন: ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব
নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি অতিরিক্ত র্যাব ও সিআইডি সদস্যদেরও বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিভিন্ন অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও শপিং মলসহ স্পর্শকাতর এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।





