কল্যাণমুখী রাষ্ট্র গড়তে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বিএনপি সরকারের ওপর আস্থা ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছে এবং দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।

রোববার দুপুরে কিশোরগঞ্জে পৌঁছে পাকুন্দিয়ার প্রথম কর্মসূচিতে আয়োজিত সমাবেশে জনগণের উদ্দেশে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। নির্বাচনে যারা বিএনপির ওপর আস্থা রেখেছেন, সেই আস্থা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি অতীতে জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে থাকবে।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের জন্যই কাজ করবে। যতদিন বিএনপি টিকে থাকবে, ততদিন দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কর্মকাণ্ডে যাবে না দলটি।

আরও পড়ুন: কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে পাকুন্দিয়ায় পৌঁছে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে আয়োজিত সমাবেশে তিনি মঞ্চে উঠলে উপস্থিত হাজারো নেতাকর্মী করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

‘বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে’: দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাস্তায় অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ। এতে তাদের ব্যবসা-বাণিজ্য, চাকরি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অন্যদিকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা এর সুযোগ নেয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, বিশৃঙ্খলা এবং জনগণের স্বার্থে নেওয়া কর্মসূচিতে বাধা দেওয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, সন্তানদের জন্য শিক্ষা এবং পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা চায়। এসব লক্ষ্য অর্জনে ধৈর্যের পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে।

কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, কিশোরগঞ্জে উপস্থিত হাজারো মানুষ সরকারের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষ উপকৃত হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যারা বিএনপিকে সমর্থন দিয়েছেন, তাদের সেই আস্থা ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান। এরপর দুপুরে আচমিতা জর্জ ইনস্টিটিউটের মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে আরও রয়েছে শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান।