শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টে রায় আজ
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। মাত্র সাড়ে চার ঘণ্টায় মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি সম্পন্ন হয়।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই
শুনানিতে রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন জানায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, গ্রেপ্তারের পর মামলার প্রধান আসামি সোহেল রানা রিমান্ড ছাড়াই ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের দাবি, ওই জবানবন্দিতে ঘটনার নৃশংসতার বিস্তারিত উঠে এসেছে এবং তা স্বেচ্ছায় দেওয়া হয়েছে। তাই এই জবানবন্দি উপেক্ষা করার সুযোগ নেই।
আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
এ ছাড়া রাষ্ট্রপক্ষের যুক্তি, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করার বিষয়টিও তার সম্পৃক্ততার প্রমাণ বলে দাবি করেন তারা। এ কারণে স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডও বহাল রাখার আবেদন জানানো হয়।
অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তি দেন, গ্রেপ্তারের পর পুলিশের ভয়ে অনেক সময় আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে থাকেন। এ ক্ষেত্রেও তেমনটি হয়ে থাকতে পারে। মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেও সোহেল রানার খালাস পাওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।
স্বপ্না আক্তারের পক্ষে আইনজীবী বলেন, তার বিরুদ্ধে সরাসরি অপরাধ সংঘটনের অভিযোগ নেই। তাই হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই এবং তিনি খালাস পাওয়ার যোগ্য।
তবে রাষ্ট্রপক্ষ পাল্টা যুক্তিতে জানায়, এটি সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়; শিশু ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধ। স্বপ্না আক্তারের উপস্থিতি এবং পরবর্তী সময়ে স্বামীকে পালাতে সহায়তার বিষয়টি বিবেচনায় নিয়ে তার সাজা বহাল রাখা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী এবং সৈয়দ ইজাজ কবির।





