সাজ্জাদকে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হয়রানির অভিযোগের প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

সকাল ৭টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনে হাফপ্যান্ট পরে উপস্থিত হন তিন তরুণ। তারা হলেন বেসরকারি চাকরিজীবী ও দৌড়বিদ সাগর মজুমদার, বেসরকারি চাকরিজীবী রকিবুল ইসলাম এবং ব্যবসায়ী মাহফুজুর রহমান। পরে সাগর ও মাহফুজুর হাফপ্যান্ট পরে মেট্রোরেলে ওঠেন। একই সময়ে স্টেশনের অন্য একটি প্রবেশপথ দিয়ে আরও দুই তরুণ হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠেছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

দৌড়বিদ সাগর মজুমদার বলেন, দৌড়ানোর সময় হাফপ্যান্ট পরলে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা। সম্প্রতি দেশ-বিদেশে পরিচিত অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভবিষ্যতে যেন অন্য কাউকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে কারণেই তারা প্রতিবাদ জানাতে এসেছেন।

আরও পড়ুন: ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাগর বলেন, একজন দৌড়বিদ হিসেবে তিনিও ভবিষ্যতে মেট্রোরেলসহ অন্য কোথাও একই ধরনের হয়রানির শিকার হতে পারেন। তাই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার ভাষ্য, মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। হাফপ্যান্ট নিজে কোনো সমস্যা নয়, বরং পোশাকটিকে কীভাবে দেখা হচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ।

ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, মেট্রোরেলে হাফপ্যান্ট পরে চলাচলের অধিকার থাকা উচিত। তার মতে, এটি স্বাভাবিক একটি পোশাক। সাধারণত তিনি মেট্রোরেলে চলাচল করেন না এবং হাফপ্যান্টও পরেন না। তবে অধিকার নিয়ে প্রতিবাদ জানাতেই প্রায় পাঁচ বছর পর হাফপ্যান্ট পরে মেট্রো স্টেশনে এসেছেন।

সকাল ৭টার পর সাগর ও মাহফুজুর ফার্মগেট স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন। তারা বিজয় সরণি স্টেশনের টিকিট কাটেন। পরে ফার্মগেট থেকে মেট্রোরেলে বিজয় সরণি গিয়ে নেমে যান। রকিবুল তাদের সঙ্গে মেট্রোরেলে ওঠেননি।

অন্যদিকে, ফার্মগেট স্টেশনের আরেকটি প্রবেশপথ দিয়ে হাফপ্যান্ট পরে ওঠা দুই তরুণ মতিঝিলের টিকিট কেটেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকালে শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন। তার অভিযোগ, ফার্মগেট মেট্রো স্টেশনে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য তার পোশাককে ‘অশালীন’ বলে টিকিট পাঞ্চ করার মেশিনের সামনে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন।

তবে মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পোশাকবিধি নেই বলে জানানো হয়েছে। সাজ্জাদ হোসেনকে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ফার্মগেট স্টেশনে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে’ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিটি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য নয়। বরং হয়রানির প্রতিবাদ, যাত্রীদের জন্য স্পষ্ট পোশাকবিধির দাবি এবং সম্মানজনক আচরণের পক্ষে শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদ হিসেবে এটি আয়োজন করা হয়েছে। তাদের বক্তব্য, কোনো পোশাক নিষিদ্ধ হলে সে বিষয়ে স্পষ্ট ও লিখিত নিয়ম থাকা প্রয়োজন।