দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার বিজিবি সদস্য
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী ও ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ নজরদারিসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ১০ হাজার বিজিবি সদস্য।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি এলাকার মণ্ডপগুলোতে নিরাপত্তা সহায়তা দেবে বিজিবি। এ ছাড়া দুর্গম ও দূরবর্তী অঞ্চলে দ্রুত টহল এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি
রাজধানীতে বিজিবির দায়িত্ব পালনের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সরকারি নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে ঢাকায় দায়িত্বের পরিধি নির্ধারণ করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত রয়েছে বিজিবি।
সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির অভিযোগ, সরকারের তীব্র নিন্দা





