ফেসবুকে অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি, দুই কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

Shahrier Islam Pallab
শাজাহানপুর ​(বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১৪ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ধারালো অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এরিন আহম্মেদ সুইট (১৯) ও মো. মিরাজুল (১৯)। রোববার (১১ অক্টোবর) শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার থেকে

পুলিশ সূত্র জানায়, এরিন আহম্মেদ সুইটের হাতে ধারালো বার্মিজ চাকু নিয়ে ভীতিপ্রদর্শনমূলক ভঙ্গিতে পোজ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার সহযোগী মিরাজুল ওই ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়।

বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের নজরে এলে অভিযুক্তদের শনাক্ত করতে নজরদারি শুরু করা হয়। পরে উপপরিদর্শক (এসআই) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় মাদকসহ আটক দুই যুবকের কারাদণ্ড

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।