ফুলবাড়ীতে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হক বাজার এলাকার বারোমাসিয়া নদীর পাশের একটি পরিত্যক্ত খালে রোববার বিকাল ৩ টার দিকে রিং জালে আটকা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ।
স্থানীয়রা জানিয়েছেন, হক বাজার এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান বারোমাসিয়া নদীর পাশে তাদের একটি পরিত্যক্ত খালে চায়না দুয়ারী রিংজাল দিয়ে প্রতিদিন মাছ ধরেন। রোববার বেলা ৩টার দিকে জাল তুলতে গিয়ে দেখতে পান জালের ভেতর বিশাল আকৃতির একটি অজগর আটকা পড়েছে। পরে আশপাশের আরও কয়েকজনের সহায়তায় জালসহ সাপটিকে তার নিজ বাড়ীতে নিয়ে আসলে এলাকায় খবরটি ছড়িয়ে পরলে সেটিকে দেখতে তার বাড়ীতে শত শত উৎসুক নারী-পুরুষের ভীড় জমায়।
আরও পড়ুন: পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
এ সুযোগে দর্শনার্থীদের অনেকেই অজগরটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
সাপটি দেখতে আসা আলতাফ হোসেন ও বাবুল শেখ জানান, “অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ ফুট হবে। আমাদের ধারণা, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে এসেছে। কারণ যে স্থানে সাপটি জালে আটকা পড়েছে, সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত।”
আরও পড়ুন: রূপগঞ্জ সদর ইউনিয়নে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুম
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত অথবা সংরক্ষণের জন্য প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অজগর সাপটিকে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।





