চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে করে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন

আরও পড়ুন: অতিরিক্ত ডিআইজি জহিরকে ওএসডি

 এদিকে, প্রধানমন্ত্রী তারকে রহমানকে একনজর দেখতে নগরের কোতোয়ালি থানার জেএমসেন হল এলাকায় ভিড় করেছেন উৎসুক জনতা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে হলের আশপাশে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। বিমানবন্দর থেকে সড়কপথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরের রহমতগঞ্জের জেএমসেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, জেএমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তার। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: রাজধানীসহ সারাদেশে মণ্ডপে মণ্ডপে ভক্তি-সম্প্রীতির বার্তা