পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ডে ‘এস আলম পরিবহন’-এর টিকিট কাউন্টার বেআইনিভাবে তালাবদ্ধ করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের বিচার ও কাউন্টার পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান টিটু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মিজানুর রহমান টিটু জানান, পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রিয়াজ উদ্দিন মার্কেটের একটি দোকানঘর ভাড়া নিয়ে তিনি দীর্ঘ ৩ মাস ধরে আন্তর্জাতিক পরিবহন সেবা ‘এস আলম পরিবহন’-এর কাউন্টার পরিচালনা করে আসছিলেন। নিয়মিত ঘরভাড়া পরিশোধের রসিদ ও চুক্তিপত্রের দলিল থাকা সত্ত্বেও গত ৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় কোনো ধরনের লিখিত নোটিশ ছাড়াই সাইফুল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন লোক জোরপূর্বক কাউন্টারে প্রবেশ করে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

হামলাকারীরা কাউন্টারে থাকা তাঁর ছেলে এবং কাউন্টার সহকারী বদরুল আলমগীরকে মারধর ও কিল-ঘুষি মেরে বের করে দিয়ে কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। উক্ত হামলার ভিডিওচিত্র এবং ঘরভাড়ার যাবতীয় বৈধ কাগজপত্র তাঁর নিকট সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে টিটু আরও অভিযোগ করেন, দখলদার চক্রটি ঘটনা আড়াল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া চুক্তিপত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করছে। অভিযুক্ত সাইফুল মৃধার বিরুদ্ধে এলাকা দখল, লুটপাট ও চাঁদাবাজির একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করা হয়।

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সংবাদ সম্মেলন থেকে দ্রুত বেআইনিভাবে দখলকৃত কাউন্টার উদ্ধার, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্ত সাইফুল মৃধাসহ সন্ত্রাসী চক্রটিকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, মো. রিয়াজ মৃধার সঙ্গে মো. মিজানুর রহমান টিটুর এস আলম পরিবহন কাউন্টার-সংক্রান্ত ভাড়ার ডিড হয়েছিল। এ বিষয়ে তাঁর সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।