গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে দুই সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত মহাসড়ক দুটিতে অবরোধ অব্যাহত ছিল।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুর মহানগর ও কালিয়াকৈর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। সোমবারও কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় দিনভর বিক্ষোভ করেন তারা।
আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় আরেকটি শ্রমিক দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে বসে পড়লে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।
অবরোধের ফলে মহাসড়ক দুটির উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক যাত্রী যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন। খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে।





