নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর, জব্দ করা হয়েছে দুই মোবাইল ফোন
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তাঁকে আটক বা গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, এখনো তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাঁর বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: কক্সবাজারে আরও এক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক
পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযোগের সূত্র ধরে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলেও পুলিশ সদস্যদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি
তবে আটকের বিষয়টি নাকচ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। কালবেলাকে তিনি বলেন, ‘জাহাঙ্গীর আটক কিংবা গ্রেপ্তার হননি। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল (মঙ্গলবার) তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলোতে তদন্তকাজ চলমান রয়েছে।’





