লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী
এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন সরকারপ্রধান।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
পরবর্তী কর্মসূচিতে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।





