লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আল ফারাদীর বৃত্তি পরীক্ষা
মেধা বিকাশ ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আল ফারাদী বৃত্তি পরীক্ষা-২০২৬’। আল ফারাদী ফাউন্ডেশনের আয়োজনে জেলার পাঁচটি উপজেলার ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় লক্ষ্মীপুর সদর, রামগতি, রায়পুর, কমলনগর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আল ফারাদী গার্লস মাদ্রাসার চেয়ারম্যান ড. মুসলেহ উদ্দীন আল ফারাদী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনায় আগ্রহী করে তুলতেই তাঁদের এ উদ্যোগ। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও যাতে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ তাঁদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবীদের উৎসাহিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি আব্দুল আজীজ ইসমাঈলী বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা যেন নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়, সেটিও তাঁদের প্রত্যাশা। পাঁচটি উপজেলার ১২টি কেন্দ্রে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ আয়োজনকে সফল করেছে বলে তিনি উল্লেখ করেন।
পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, গতবারও এ পরীক্ষায় অংশ নিয়ে সে বৃত্তি পেয়েছিল। এবারও বৃত্তির প্রত্যাশা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। তার মতে, আয়োজকদের ব্যবস্থাপনা চমৎকার ও নিরপেক্ষ। এমন আয়োজন পড়াশোনায় আরও উৎসাহ জোগায়।
অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও আয়োজনটির প্রশংসা করেন। তাঁরা জানান, এ অঞ্চলে এত বড় পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন ব্যতিক্রমী। বিশেষ করে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার বিষয়টি প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ল্যাপটপ। এ ছাড়া ২০০ শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ এবং সাধারণ গ্রেডে উত্তীর্ণদেরও পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য, লন্ডনপ্রবাসী শিক্ষাবিদ ড. মুসলেহ উদ্দীন আল ফারাদী ২০২৩ সালে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি হিফজ প্রতিষ্ঠান, এতিমখানা ও মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আল ফারাদী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি বর্তমানে লন্ডনে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রসারে অবদান রাখাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।





