আইকাও’র সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে প্রশিক্ষণ সম্পন্ন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৫ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে অনুষ্ঠিত ICAO-Capped Aviation Security National Inspector Course সফলভাবে সম্পন্ন হয়েছে। সাত কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে কোর্স শেষ করেন।

কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি কার্যক্রমে দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক (National Inspector) তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।

আরও পড়ুন: কুরবানি কাদের ওপর ওয়াজিব? জেনে নিন নেসাব

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল, সদস্য (নিরাপত্তা), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (বেবিচক)। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার চক্রবর্তী, পরিচালক, সিভিল এভিয়েশন একাডেমি। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: রেজাউল করিম খান চুন্নুর মায়ের ইন্তেকাল

সংশ্লিষ্টরা জানান, আসন্ন ICAO Security Audit-কে সামনে রেখে এ কোর্সটি বিশেষ গুরুত্ব বহন করছে। এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।