মুন্সিগঞ্জে নৌকার ক্যাম্পে গুলিতে নিহত ১

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৫:১৬ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার ক্যাম্প ও সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ডালিম নামের এক নৌকার কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছেন।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোহেল নামের নৌকার আরেক আহত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে মুন্সিকান্দি এলাকার নিজেদের ক্যাম্পে অবস্থান করছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা। রাত সাড়ের ১২টার দিকে হঠাৎ স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল ওই ক্যাম্পে এসে হামলা ও গুলিবর্ষণ করে। এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন ডালিম নামের একজন। এ সময় সোহেল নামের অপরজনকে ধরে বেধড়ক মারধর করা হয়।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

পরে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডালিমকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।