খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আগামী মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এয়ার অ্যাম্বুলেন্সটির সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে বিমানটি ঢাকা ত্যাগ করতে পারে। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে এই সময়সূচি পরিবর্তিত হতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় লন্ডন নেওয়ার এই বিশেষ ফ্লাইটটি জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে। ব্যবহৃত এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি আধুনিক বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার কারণে এই মডেলটি ঢাকা–লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত হচ্ছে।
সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নাজুক হওয়ায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী তাকে দ্রুত বিদেশ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই তার লন্ডন যাত্রার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির





