সংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখছেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক ভরে ওঠে উৎসবমুখর জনস্রোতে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। অনুষ্ঠানে নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: বাংলাদেশ নয় ‘সবার আগে যুক্তরাষ্ট্র’ নীতিতে সরকার চলছে: আনু মোহাম্মদ
এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১১টা ৪০ মিনিটে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি খালি পায়ে দেশের মাটিতে দাঁড়িয়ে তা স্পর্শ করেন এবং মাতৃভূমির মাটি অনুভব করেন।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রথমে তারেক রহমানকে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলিঙ্গন ও কুশল বিনিময় করেন। তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং কিছু সময় যাত্রাবিরতি নেয়ার পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
বিমানবন্দর থেকে গণসংবর্ধনার জন্য রওনা দেওয়ার সময় বাংলাদেশ লেখা লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে চড়ে তিনি ৩০০ ফিট সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে যান। সড়ক ধরে দুই পাশে ভিড় থাকা জনস্রোতের মধ্যে দিয়ে তিনি মঞ্চে পৌঁছান।





