ত্রয়োদশ সংসদ নির্বাচন: জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দলটির ইশতেহার ঘোষণা করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ইশতেহার ঘোষণার নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে রোববার জানানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নারীবিদ্বেষী পোস্টের ৯ ঘণ্টা পর ‘আইডি হ্যাক’ দাবি কতটা যৌক্তিক: মাহদী আমিন
দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান শেরপুরের শ্রীবরদীতে শহীদ রেজাউল করিমের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার কবর জিয়ারত করবেন। এরপর তিনি শেরপুর ও জামালপুরে কয়েকটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরে আরেকটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
আরও পড়ুন: ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ‘জাহান্নাম’ বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
সবশেষে ডা. শফিকুর রহমান ঢাকায় ফিরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে। ইশতেহার ঘোষণার নতুন তারিখ ও বিস্তারিত কর্মসূচি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব।





