জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: বাংলাদেশ নয় ‘সবার আগে যুক্তরাষ্ট্র’ নীতিতে সরকার চলছে: আনু মোহাম্মদ
এদিকে, মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনের অডিটোরিয়ামের পূর্ব পাশে অবস্থিত সরকারি কোয়ার্টার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ধারণা করা হচ্ছে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িতদের শনাক্ত করতেই এ অভিযান চালানো হয়।
তবে চলমান অভিযানের বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি হননি ডিবি প্রধান। তিনি বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সময় হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর একটি মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে ওই পোস্টটি অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে দাবি করে, সাইবার হামলার মাধ্যমে অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং সংগঠনের আমিরের নামে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।





