সফল ভোটে ইসির সন্তোষ
নির্বাচনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা, শুক্রবার দেশব্যাপী বিশেষ দোয়া-প্রার্থনার আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সহযোগিতাকারী রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সাংবিধানিক এ সংস্থা। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: নওশাদের কাছে হারলেন সারজিস আলম, ব্যবধান ৮ হাজার ৩০৪ ভোট
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও প্রার্থীদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সার্বিক পরিস্থিতি স্থিতিশীল ছিল বলে কমিশন উল্লেখ করে।
ইসি আরও জানায়, ভোটগ্রহণ ও গণনা কার্যক্রমে নিয়োজিত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করেছে। সর্বোপরি গণতান্ত্রিক দায়িত্ব পালনে সাধারণ ভোটারদের অংশগ্রহণকে কমিশন ‘গণতন্ত্রের শক্ত ভিত’ হিসেবে অভিহিত করেছে।
আরও পড়ুন: ঢাকা-৮ আসনে পরাজিত নাসীরুদ্দীন পাটওয়ারী, জয়ী মির্জা আব্বাস
সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের অব্যাহত শান্তি ও অগ্রযাত্রা কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বানও জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের মতে, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে আরও সুদৃঢ় করেছে এবং ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বার্তা বহন করছে।





