সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শপথ নিয়েছেন। তবে একই দিন নির্বাচিত এমপিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির দলীয় সংসদ সদস্যরা সে শপথ নেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনের শপথ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: জামায়াতে ইসলামী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি।
তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে ধারণ করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন—সেটিও সাংবিধানিকভাবে নির্ধারণ করতে হবে।
আরও পড়ুন: মন্ত্রিসভার শপথে ডাক পেলেন ড. আব্দুল মঈন খান
বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের কোনো বিধান বর্তমানে সংবিধানে নেই। আমরা সংবিধান মেনেই চলেছি, সামনেও সংবিধান মেনেই চলবো।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি দলটির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।





