প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিদ্যুৎ-জ্বালানিসহ সবধরনের খরচে আমাদের সাশ্রয়ী হতে হবে: ডা. রফিক
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতা রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়। আজ দেশে হৃদপিণ্ডের জটিল সব চিকিৎসা সম্ভব হচ্ছে। এরকম অনেক উদাহরণ তৈরি করেছেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া।"
আরও পড়ুন: প্রতিকূল আবহাওয়ায় মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করল এনসিপি
ছাত্রদলকে মেধাবীদের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, "বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিকেলের ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে এবং একাডেমিকভাবেও সফল হয়েছে।"
তিনি আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানিসহ যেকোনো খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন। আমাদেরকে সেই আহবানে সাড়া দিয়ে সাশ্রয়ী হতে হবে।"
আরও পড়ুন: স্বৈরাচারী শাসনের পথে সরকার, বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত জিএম কাদেরের
বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডাঃ শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডাঃ তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডাঃ মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডাঃ ইমরান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মেডিকেল ও বিভিন্ন মেডিকেলের বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ।





