মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করছে: রিজভী
দেশের মানুষ এবার রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া-এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
রিজভী বলেন, “দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে, রুদ্ধ পরিস্থিতির বাইরে এবং শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হতে হচ্ছে না।”
তিনি আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তিনি দিনরাত কাজ করছেন বলেও দাবি করেন রিজভী।
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
বিএনপির এই নেতা বলেন, দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকার জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে পোশাকশ্রমিকদের ঈদ বোনাস নিশ্চিতে সরকার সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। বর্তমান সরকার মানবিক আচরণ করছে।”





