জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা ১১-দলীয় ঐক্যের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন এবং তেল, গ্যাস, বিদ্যুৎ সংকটসহ দেশের বিদ্যমান বিভিন্ন সংকট দ্রুত সমাধানের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশজামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

আরও পড়ুন: জুলাই জাদুঘরে হেফাজত সংক্রান্ত ভাস্কর্য অপসারণ করুন, শরিয়াতে সব ভাস্কর্যই অবৈধ: পীর সাহেব দেওনা

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, গণসমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের উচ্চ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ছাড়া ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছে জোট।

আরও পড়ুন: ১১ দলীয় জোটের প্রার্থীর নাম ঘোষণা

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।