বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই: ছাত্রদল নেতা ও বিএনপি নেতাকে গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরা অঞ্চলের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন
পুলিশ জানায়, নরসিংদীর রায়পুর উপজেলার বাসিন্দা সুমন নামের এক ব্যক্তির করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সুমন বিমানবন্দর থানায় মামলাটি করেন। এতে বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতকে কর্মসূচি করতে না দেওয়ার হুঁশিয়ারি শিশুবক্তা মাদানীর
এজাহারে বাদী অভিযোগ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট তিনি মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান।
সুমনের ভাষ্য অনুযায়ী, ওই দিন রাত ৮টার দিকে তিনি তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন। পরে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামেন।
এজাহারে আরও বলা হয়, মাইক্রোবাস থেকে নামার পর অভিযুক্তরা তাদের ঘিরে ধরেন। এ সময় তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এবং তাদের কাছে বোমা রয়েছে বলে দাবি করে মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে অভিযুক্তরা পালিয়ে যান বলে অভিযোগ করেন বাদী।
ঘটনার সময় আশপাশে লোকজন জড়ো হতে শুরু করলে অভিযুক্তরা স্বর্ণালংকার নিয়ে সেখান থেকে চলে যান বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার মামলার চুরি যাওয়া স্বর্ণালংকারের অংশ বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।





