লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার পতনের জন্য কোনো আন্দোলন করছে না জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আন্দোলন করে আগামীকালই সরকারকে পতন করার কোনো লক্ষ্য তাদের নেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লং মার্চের সর্বশেষ প্রস্তুতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই সরকারকে আন্দোলন করে আগামীকালকেই পতন করতে চাই না। উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না।’

লং মার্চের কর্মসূচি বাস্তবায়নের কৌশল তুলে ধরে তিনি জানান, একটি পথসভা চলার সময় অগ্রবর্তী একটি দল পরবর্তী স্পটে চলে যাবে। সেখানে তারা বক্তব্য দিয়ে আবার পরবর্তী স্পটে চলে যাবে। পরে মূল শীর্ষ নেতারা ওই স্পটে গিয়ে তাদের সঙ্গে যোগ দেবেন। এর মাধ্যমে সময় সাশ্রয় করা হবে।

আরও পড়ুন: দাবি আদায়ে শনিবার লংমার্চ করবে ১১ দলীয় জোট

লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান সম্পর্কে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, চিটাগাং রোডের কাচপুর ব্রিজের পাশের ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা অনুষ্ঠিত হবে।

এরপর পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নুরজান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, মহিপাল ও মিরসরাইয়ে পথসভা করার সম্ভাবনা রয়েছে।

পথসভাগুলো শেষে গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা করবে। যানজট কিংবা গাড়ির কারিগরি সমস্যার মতো স্বাভাবিক কোনো ব্যতিক্রম না ঘটলে সন্ধ্যা ৭টার দিকে লালদীঘিতে পৌঁছানোর আশা করছেন তারা।

লং মার্চে অংশ নেওয়া প্রত্যেককে ডেলিগেট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, প্রতিটি গাড়ির সামনে ও পেছনে স্টিকার এবং নম্বর থাকবে। শীর্ষ নেতাদের নিরাপত্তা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক বিভাগ, আইটি ও মেডিকেল বিভাগের গাড়িগুলো নির্দিষ্ট ক্রম অনুযায়ী বহরে থাকবে।

লং মার্চ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এ ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।