পাঁচ বিভাগে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০৬ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের পাঁচটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক

রোববার (১২ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আরও পড়ুন: ঢাকাসহ ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তনশীলতা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।