ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১১:০২ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৫ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পাঁচ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দেশের বিভিন্ন এলাকায় গরমের পাশাপাশি ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।