আজ থেকে বাড়তে পারে বৃষ্টি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্রাবণের শুরুতে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকলেও বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার (১৭ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২০ জুলাইয়ের পর সারা দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রয়োজন হলে সময়মতো আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হবে।

সিনিয়র আবহাওয়াবিদ ড. বজলুর রশিদও জানান, বর্তমান লঘুচাপ খুব বেশি শক্তিশালী না হলেও মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে আগামী কয়েকদিন দেশে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী ও নীলফামারীর সৈয়দপুরে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সিলেটে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হলেও ঢাকায় বৃষ্টি হয়েছে খুবই সামান্য।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ জুলাই পর্যন্ত দেশের আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিওটি জানিয়েছে, টানা বর্ষণের কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি উত্তরাঞ্চলে বজ্রপাত এবং সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।