বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াচ্ছে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত ও শক্তিশালী হয়েছে। এটি ঘূর্ণিঝড় ‘আকভান’ হিসেবে একই এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সোমবার রাতেই রূপ নিতে পারে নিম্নচাপ

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এ ছাড়া কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ঘূর্ণিঝড়টির অবস্থান।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই শক্তিশালী হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের শঙ্কা, নাম ‘আকভান’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।