বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ১৮ নভেম্বর বৃষ্টি হতে পারে ৩ বিভাগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত এ লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী ১৮ নভেম্বর দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
রোববার (১৫ নভেম্বর) ও সোমবার (১৬ নভেম্বর) একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ দুই দিনও সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে; আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা জানিয়েছে অধিদপ্তর। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বড় ধরনের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত নেই। এদিনও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরে বাড়বে শীতের দাপট, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ
তবে বুধবার (১৮ নভেম্বর) থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের প্রথমার্ধেও দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।





