ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ, কৃষক দল নেতা নিহত
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মিছিল করেন। একপর্যায়ে মিছিল থেকে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেখানে উপস্থিত ব্যক্তিদের ছোড়া একটি ককটেল রাজু মোল্লাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত
এর আগে রাত ৮টার দিকে একই এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, রাজু মোল্লাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। এ অবস্থায় চিকিৎসকদের কিছু করার ছিল না।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি নাকি ককটেলের আঘাতে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।





