গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, বাড়ছে ধোঁয়ার তীব্রতা
গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথমে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুন: গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের উৎপাদনে ফিরল সিইউএফএল
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে সাতটি ইউনিট কাজ করছে এবং আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে। তিনি বলেন, “দুপুর ১টার দিকে ফিনিক্স কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের পর কারখানার আশপাশের বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি, তদন্ত কমিটি গঠন: বিভাগীয় কমিশনার





