সীমান্তে নিরাপত্তা জোরদার, নির্বাচনকে ঘিরে প্রস্তুত ৫৫ বিজিবি
হবিগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম।
আরও পড়ুন: বেপরোয়া কিশোর গ্যাংয়ের অত্যাচারে অশান্ত সাভার-আশুলিয়া
তিনি জানান, হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৬টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে জেলার চারটি আসনের নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি উপজেলায় পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা মহড়া চলমান রয়েছে।
আরও পড়ুন: রায়পুরায় গোষ্ঠীগত সংঘর্ষে স্কুলছাত্র নিহত, গুলিবিদ্ধসহ আহত অন্তত ১০
সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় অবস্থিত ভোটকেন্দ্রগুলোতে সীমান্তবাসী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া, নির্বাচনী দায়িত্বের পাশাপাশি চোরাচালান প্রতিরোধ কার্যক্রমও জোরদার করা হয়েছে। ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ৫৫ বিজিবি বিভিন্ন অভিযানে ৭ জন আসামিসহ প্রায় ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির দিবারাত্রি নজরদারি অব্যাহত থাকবে





