ব্রাহ্মণবাড়িয়ায় আসল র্যাবের হাতে নকল র্যাব আটক
র্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাসানি এলাকার একটি কাঁচা সড়কে এক ব্যক্তি নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে র্যাবের একজন সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে যান। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে র্যাব সদস্য বলে দাবি করে এবং একপর্যায়ে প্রকৃত র্যাব সদস্যকেই হুমকি দিতে শুরু করে। বিকেল ৫টা ৫০ মিনিটে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা তাকে দ্রুত আটক করতে সক্ষম হন। আটককালে তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. মিঠুন মিয়া (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে।
আরও পড়ুন: চবি ল্যাবরেটরী কলেজের ১১জন শিক্ষক হারালেন চাকরি
র্যাব-৯ সিলেট-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।





