২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বন্দর

খেজুর, চিনি ও ভোজ্যতেল খালাসে থাকবে অগ্রাধিকার

Sadek Ali
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৩ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম স্থিতিশীল রাখার জন্য জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।  এ লক্ষ্যে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা অপারেশন মোডে বন্দর পরিচালনার সিদ্ধান্তসহ সাপ্লাই চেইন বিলম্বে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে চবক। গত বৃহস্পতিবার বন্দরে অনুষ্ঠিত দুটি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এতে কাস্টম হাউস, বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতি ও জনস্বার্থে সরবরাহে কোনো বিলম্ব হতে পরবেনা। সাপ্লাই চেইনে বিলম্বের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এছাড়া চট্টগ্রাম বন্দরের গেটে বসানো স্ক্যানারসংক্রান্ত জটিলতা নিরসন ও যানবাহনের সারি কমাতে কাস্টমস কর্তৃপক্ষকে নষ্ট স্ক্যানার সমূহ মেরামত ও আধুনিকায়নের তাগিদ দেওয়া হয়েছে। বন্দরের প্রতিটি যন্ত্রপাতি সচল রাখতে একটি 'কুইক রেসপন্স টিম'ও গঠন করা হয়েছে।

আরও পড়ুন: শ্রীপুরে নিখোঁজ তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠল গৃহবধূর মরদেহ

বন্দর সচিব জানিয়েছেন, সভায় আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করতে চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউস তিনটি শিফটে দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকা, খেজুর, ফলমূল, মসলা, চিনি ও ভোজ্যতেলের মতো পণ্যগুলো অগ্রাধিকার ভিত্তিতে খালাস ও ডেলিভারি নিশ্চিত করা, বন্দরে আটকে থাকা প্রায় ২ হাজার ঢাকামুখী কন্টেইনার দ্রুত পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু এবং অপারেশনাল কার্যক্রম ও কন্টেইনার হ্যান্ডলিং রিয়েল-টাইমে মনিটর করার জন্য দুটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বন্দরে আটকে থাকা প্রায় দুই হাজার ঢাকামুখী কনটেইনার দ্রুত পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিশেষ 'ক্র্যাশ প্রোগ্রাম' শুরু করা হয়েছে। পাশাপাশি  অপারেশনাল কার্যক্রম ও কনটেইনার হ্যান্ডলিং রিয়েল-টাইম মনিটরিংয়ের জন্য দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ঈদুল ফিতরের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি: ত্রাণমন্ত্রী

এর পরে সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বন্দরের অপারেশনাল, লজিস্টিকস ও টেকনিক্যাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভা পরিচালনা করেন। সভায় শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বাফা এবং বিকডাসহ অন্যান্য সংস্থা বন্দরের ২৪/৭ শিডিউলের সাথে তাল মিলিয়ে অতিরিক্ত জনবল ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। সভায় অংশীজনেরা সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা অপারেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অতিরিক্ত জনবল ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সভায় বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. সামীমুজ্জামান, অতিরিক্ত সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কাস্টমস, বাংলাদেশ রেলওয়ে, চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশন, বিকডা, আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।