বৃদ্ধা মাকে মারধর, বিচারের দাবিতে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১৮ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃদ্ধা এবং অভিযুক্ত ছেলে। ছবিঃ কোলাজ
বৃদ্ধা এবং অভিযুক্ত ছেলে। ছবিঃ কোলাজ

গাজীপুরের শ্রীপুরে গাড়ারণ এলাকায় এক বৃদ্ধা মাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তারই ছেলে মুজিবুর বেপারীর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গাড়ারণ গ্রামের বাসিন্দা মোছাঃ জায়েদা (৬০) অভিযোগ করেন, গত ২৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে তার ছেলে মুজিবুর বেপারী (৪২) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

ভুক্তভোগীর দাবি, মারধরের একপর্যায়ে ছেলে তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন এবং মাটিতে ফেলে আঘাত করেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ছেলে তার ভরণ-পোষণ করেন না এবং বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন।

প্রতিবেশী আব্দুল কাদের বলেন, “আমি তার বাড়ির পাশে একটি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছিলাম। এ সময় আমি দেখি মুজিবুর তার মাকে মারধর করছে। একজন মায়ের সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। আমরা দোষীর শাস্তি চাই।”

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

ভুক্তভোগী নারী (২৫ ফেব্রুয়ারি) বুধবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”