তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন

নান্দাইলের বাহাদুরপুর হাউজ লোকে-লোকারণ্য, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ৩ দিনের রাষ্ট্রীয় সফরে নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে আসলে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের গার্ড অব অনার নেওয়ার পর তিনি রাষ্ট্রীয় সফরের সর্বপ্রথম ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও পরিচিতি, ঐতিহ্যবাহী বারুইগ্রাম মাদ্রাসা পরিদর্শন, পারিবারিক কবরস্থান জিয়ারত ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

শুক্রবার ছুটির দিনে সকাল থেকে প্রতিমন্ত্রীর বাসভবন মোয়াজ্জেমপুরের ঐতিহাসিক বাহাদুরপুর হাউজ লোকে-লোকারণ্য হয়ে যায় তাদের প্রিয় নেতার সঙ্গে দেখা করার জন্য। সাধারণ লোকজনের উপস্থিতির পাশাপাশি নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎস্যদল, উলামাদল, তৈলজীবীদলসহ মহিলা দলের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ করা হবে: মির্জা ফখরুল

এছাড়াও উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় তাদের প্রিয় নেতা প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রী নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং তাঁর প্রতি জনগণের অফুরন্ত ভালোবাসায় অভিভূত হয়েছেন।

নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সাধারণ শিক্ষকদের নিয়ে বাহাদুরপুর হাউজে পৃথকভাবে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। নেতাকর্মী ও সাধারণ জনগণের উৎসবমুখর উপস্থিতিতে দেখা গেছে, বাহাদুরপুর হাউজে ঈদের আমেজ বিরাজ করছে।

আরও পড়ুন: শরীয়তপুরে ঢাকা পোস্টের প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা

কয়েকজন বিএনপির প্রবীণ নেতা জানান, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে আজ ইয়াসের খান চৌধুরীকে নান্দাইলের জনগণ এত ভালোবাসা দিয়েছে। তারা আরও জানান, ইয়াসের খান চৌধুরীর মরহুম পিতা ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সফল সভাপতি ও নান্দাইলের জননন্দিত কর্মীবান্ধব সাবেক এমপি আনওয়ারুল হোসেন খান চৌধুরী রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যা নান্দাইলের জনগণের মনিকোঠায় আজও অম্লান রয়েছে।

নান্দাইলের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ যোগ্য পিতার যোগ্য সন্তানের হাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।