অবশেষে মিলল তেল, জনমনে স্বস্তি
সাতক্ষীরা কালিগঞ্জে সিন্ডিকেট ভেঙে তেল সরবরাহ স্বাভাবিক করলেন এমপি রবিউল বাশার
জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে সরাসরি মাঠে নেমেছেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। পেট্রোল পাম্প পরিদর্শনের পর স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। দীর্ঘ অপেক্ষার পর পাম্প থেকে তেল পেয়ে চরম ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকটি পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে কালক্ষেপণ না করে (১৯ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে নলতা ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এরপর ১১টার দিকে তিনি ছুটে যান কালিগঞ্জ ফিলিং স্টেশন ও স্টার ফিলিং স্টেশনে।
আরও পড়ুন: হাউলী যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ
কালিগঞ্জ ফিলিং স্টেশনে পরিদর্শনের সময় সেখানে ব্যাপক পরিমাণ পেট্রোল মজুত থাকার প্রমাণ পান এমপি। অথচ সাধারণ ক্রেতাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এ সময় তিনি পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনোভাবেই সাধারণ ভোক্তাদের হয়রানি করা যাবে না। মজুত রাখা তেল এখনই মানুষের কাছে বিক্রি করতে হবে।”
এমপির এই শক্ত অবস্থানের পর মুহূর্তের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। তার কড়া নির্দেশের পর এমপির উপস্থিতিতেই ভোক্তাদের মাঝে তেল সরবরাহ শুরু হয়। কয়েকদিন ধরে তেল না পেয়ে চরম ভোগান্তিতে থাকা মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ অবশেষে তেল পেয়ে ব্যাপক স্বস্তি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ভোক্তারা এমপির এমন তড়িৎ, সাহসী ও জনদরদী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক
পরিদর্শনকালে নবনির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





