ছিনতাইয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ৬ বাড়িতে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। হামলাকারীরা বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ছফির উদ্দিনের বাড়িসহ ছয়টি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে তিনজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছফির উদ্দিনের ছেলে সজিব ফকির।
আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা
অভিযোগে টেপিরবাড়ি গ্রামের আতা উল্লাহর ছেলে সাকিব (২৫), মারুফ (২৩) ও মাহফুজ (২১) এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী সজিব ফকির জানান, শনিবার রাত ১০টার দিকে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় স্থানীয়রা প্রতিবেশী সাকিবকে হাতেনাতে আটক করেন। এ সময় হট্টগোল শুনে তিনি ঘটনাস্থলে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।
আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি
এর প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে সাকিব, মারুফ ও মাহফুজসহ ১০-১২ জন উঠতি বয়সী যুবক রড, দা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িসহ ছয়টি বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির গেট, ঘরের দরজা ও বিভিন্ন স্থাপনা দা দিয়ে কুপিয়ে ভাঙচুর করে। এ সময় ফাঁকা গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে পাটের বস্তায় পেট্রোল ঢেলে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা করে তারা। চলে যাওয়ার সময় বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।
সজিব ফকির আরও বলেন, শিল্পকারখানাকেন্দ্রিক এ এলাকায় বিভিন্ন জেলার শ্রমিক ও কর্মজীবী মানুষ বসবাস করেন। কারখানায় ডিউটি শেষে বাড়ি ফেরার পথে প্রায়ই তাঁদের মোবাইল ফোন ও বেতনের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ভয়ে সাধারণ মানুষ এসবের প্রতিবাদ করেন না। শনিবার রাতের ছিনতাইয়ের ঘটনায় যাঁরা প্রতিবাদ করেছিলেন, তাঁদের বাড়িঘরেই হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে একটি মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





