কুলাউড়ার লংলা কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা
‘মাদকমুক্ত তারুণ্যে রুখে দাও ইভটিজিং’- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেনের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাপ মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম।
স্বাগত বক্তব্যে তিনি ২০১১ সালে তার লেখা ইভটিজিং যারা করে তারা কি বুঝে? শীর্ষক প্রবন্ধের বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, মাদকের করালগ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবারের সদস্যদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা
তিনি আরও বলেন, ইভটিজিং ও মাদকাসক্তি সামাজিক ব্যাধি। এসব সমস্যা নির্মূলে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সবাইকে প্রতিরোধের শপথ নিতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির (জিবি) সদস্য আরিফুল ইসলাম বেলাল, সাবেক জিবি সদস্য মো. লিয়াকত আলী, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, শিক্ষক পরিষদের সম্পাদক হেলাল খান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালিক, অভিভাবক ডা. আহমেদ ফারুকী ও সালেহ আহমদ সাবুল। শিক্ষার্থীদের মধ্যে মতামত তুলে ধরেন দূর্বা চৌধুরী, ঋতু দেব, রহিম খান ও সৈয়দা জাকিয়া ফাতেমা।
আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেন বলেন, আমাদের কলেজ ধূমপানমুক্ত, মোবাইলমুক্ত ও রাজনীতিমুক্ত। মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমরা আরও বলিষ্ঠ পদক্ষেপ নেবো। এ বিষয়ে কলেজ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে।





