হবিগঞ্জে নারী পর্যটককে ধর্ষণ ও ডাকাতির মামলার অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চা বাগানে এক নারী পর্যটকের ওপর নৃশংস হামলা করে ধর্ষণ ও ডাকাতির ঘটনার মামলায় এক অভিযুক্তকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, গত ২৩ মার্চ ’২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এক নারী বাসিন্দা তার এক বন্ধুকে নিয়ে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানে ঘুরতে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগানের ভেতরে অবস্থানকালে হঠাৎ অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাদের পথরোধ করে। এ সময় হামলাকারীদের ভয়ে সঙ্গী ব্যক্তি পালিয়ে গেলে নারীটি একা পড়ে যান। এরপর অভিযুক্তরা তাকে জোরপূর্বক বাগানের নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালিয়ে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে। হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। ঘটনাটি প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ব্যাপারে ভুক্তভোগী নিজেই মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: তিন করিডোরের সংযোগস্থলে তিন লাখ পীর — দেশের সবচেয়ে সম্ভাবনাময় ইপিজেড গন্তব্য

এ ঘটনার পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ মার্চ ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন মিয়া (৩০) নামে প্রধান অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহিন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে।

র‌্যাব–৯–এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব–৯–এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজ, সম্পাদক হীরা নির্বাচিত