সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার তেল জব্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে প্রায় ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই এবং জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপো ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত কারখানা থেকে আনুমানিক ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়।
পরে একই এলাকার ঈদগাহ সংলগ্ন আরেকটি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তর করা প্রায় ৯,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
আরও পড়ুন: কয়রায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ
অভিযান চলাকালে তেল পরিবহনকারী এক ব্যক্তি জিজ্ঞাসাবাদে দাবি করেন, জব্দকৃত ডিজেল সিলেটের একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য বহন করা হচ্ছিল। তবে তিনি এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়।
উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
উদ্ধারকৃত তেল সংরক্ষণের জন্য পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ডিপোতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





