সাতছড়িতে বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ জুন) এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সীমান্ত এলাকা দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে পাচারের প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল চুনারুঘাট উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কের চাকলা পুঞ্জি এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে।
আরও পড়ুন: দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, হতাহতের ঘটনা নেই
অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুটি কাভার্ড ভ্যানকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যান দুটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, বিস্কুট ও কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা আমদানি নিষিদ্ধ এসব পণ্য যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষা এবং চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।





