কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার, ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কসবা ও আখাউড়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং কসবা-আখাউড়ার গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। আজ শুক্রবার (১২ জুন) কসবার সৈয়দাবাদ আদর্শ সরকারি মহাবিদ্যালয় মাঠে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তাঁর এই ঘোষণা উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহের সঞ্চার করে।

কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন ও নূর আলম ছিদ্দিকী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান সজিব ও রুমেল আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরও পড়ুন: যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হতেই মামলার সাক্ষীকে হুমকি

বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া জানান, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ টুর্নামেন্টের মাঠ সংস্কারে ইতোমধ্যে ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কসবা ও আখাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের বিষয়ে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং কসবাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে কবীর আহমেদ ভূঁইয়া জানান, কসবা উপজেলার তিনলাখপীর বিশ্বরোডের সংযোগস্থলে একটি ইপিজেড স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। একই সঙ্গে এলাকার জরাজীর্ণ ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পুনর্নির্মাণে নতুন প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সড়ক উন্নয়ন প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। এই বিশাল প্রকল্প বাস্তবায়িত হলে পুরো জেলার অবকাঠামোগত চেহারা আমূল বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ফুলগাজীতে শিশুপুত্রকে আছাড়ে হত্যার অভিযোগ, বাবা আটক

তিনি বলেন, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হলে যুবসমাজ মাদকের অন্ধকার থেকে বেরিয়ে একটি মানবিক ও আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। তাই কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে তিনি আপোষহীনভাবে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রসারে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন। এলাকার সচেতন মহল কবীর আহমেদ ভূঁইয়ার এই উদ্যোগ ও ঘোষণাকে কসবা-আখাউড়ার উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।