নারায়ণগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৪

Sadek Ali
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৪:১৩ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাস এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সিনথিয়া রহমান হুমাইয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা, ছোট ভাই ও অটোরিকশা চালক আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে জালকুড়ি ওভারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: যশোরে বিজিবির অভিযানে ৩১টি স্বর্ণের বার উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে গেলে সিনথিয়া রহমান হুমাইয়া গুরুতর আহত হয়। পরে তাকে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা আশিকুর রহমান শামীম (৩৪), মা সানজিদা বেগম (৩০), ছোট ভাই আয়মান রহমান (৩) এবং অটোরিকশা চালক আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

পুলিশ জানায়, নিহত শিশুর পরিবারের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটকরা হলেন, প্রাইভেট কারের চালক আশোয়ত বিন ইকবাল (১৯) ও সাহিল খান (২৩)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রী ও চালক আহত হন এবং এক শিশু নিহত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া প্রাইভেট কারের ভেতর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং অস্ত্র উদ্ধারের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।