আশুলিয়া-ধামরাইয়ে ডিবির অভিযানে ইয়াবা, হেরোইন ও গুলিসহ গ্রেপ্তার ৪

Sadek Ali
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৩৮ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৫০ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন ও ছয়টি গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

শনিবার (২২ আগস্ট) রাতে আশুলিয়ার বারইপাড়া ও নবীনগর এবং ধামরাইয়ের বালিথা এলাকায় অভিযানগুলো চালানো হয়। রোববার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকা জেলা ডিবি (উত্তর)।

আরও পড়ুন: রংপুরে শিক্ষকসহ চার খুন: মাদক সেবনে বাধা দেওয়ায় হত্যার দাবি, আটক ২

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিলদার মিয়া (৩৫), মো. সুমন তালুকদার (২৮), মো. মাসুম মিয়া ওরফে মাজু (২৪) এবং জান্নাত হোসেন সোহাগ (২৯)।

ডিবি জানায়, শনিবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে দিলদার মিয়া ও সুমন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে, এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

আরও পড়ুন: বগুড়ার শেরপুরে সরকার নির্ধারিত দামে মিলছে না সার, কৃত্রিম সংকটের অভিযোগ

রাত ১০টা ১০ মিনিটের দিকে ধামরাইয়ের বালিথা এলাকায় অভিযান চালিয়ে মাসুম মিয়া ওরফে মাজুকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় পৃথক অভিযান চালায় ডিবি। এ সময় জান্নাত হোসেন সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছয়টি গুলি ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

ঢাকা জেলা ডিবির ভাষ্য, দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।